পঞ্চগড়ে ইট ভাটায় অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি-হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভার সিদ্ধান্তের প্রতিবাদে ও ইট ভাটা বন্ধ না করার জন্য বিক্ষোভ করেছে ইট ভাটার মালিক-শ্রমিকরা।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভাটা মালিক ও শ্রমিকরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। এ সময় বক্তব্য দেন পঞ্চগড় জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, সাধারণ সম্পাদক শাহীন ইসলামসহ ভাটা মালিক ও শ্রমিকরা। পরে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী স্মারকলিপি গ্রহন করেন।
বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি বলেন, আমরা ইট ভাটা মালিকরা দীর্ঘদিন ধরে নিজ নিজ ইট ভাটা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছি। আমরা ভাটার আয় হতেই সরকারের ভ্যাট, ট্যাক্সসহ যাবতীয় সরকারি ফি, সরকারের বিভিন্ন কর্মকান্ডে অনুদান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সহযোগিতা করে আসছি। সরকারের বিধি মোতাবেক ভাবেই আমরা ইট ভাটা পরিচালনা করছি। সরকারের রাজস্ব প্রদানে আমরা উল্লেখযোগ্য অবদান রাখছি। সরকারের উন্নয়ন খাতে আর্থিক সহযোগিতা করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ইট ভাটা মালিক ও শ্রমিকদের দাবির সাথে একাত্বতা ঘোষণা করে বলেন, সরকারের কাছে আমার দাবি আপনারা ইট ভাটা বন্ধ করে দেন এতে আমার আপত্তি নাই। তবে ভাটা বন্ধ করার আগে হাজার হাজার ইট ভাটার শ্রমিকদের কি কর্মসংস্থান করবেন।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































